ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৪ টন অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা ট্রাকটি আটক করেন। পরে শুক্রবার (২৮ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় সন্দেহ হওয়ায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
বিজিবি জানায়, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে ট্রাক থেকে ৯ হাজার ৫০০ কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১৪ হাজার ৫০০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়।
বিজিবির হিসাবে, জব্দ করা সার ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।
আটক সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়নের আওতাধীন বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।